প্রকাশিত : রবিবার , ১৯ জুলাই ২০২৬ , সন্ধ্যা ০৬:১৩।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৬ জুলাই ২০২৬ , ভোর ০৪:২২

ফরিদপুর-১ আসনের সংরক্ষিত এমপি হেলেন জেরিন খানকে বোয়ালমারী বিএনপির গণসংবর্ধনা


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার অডিটোরিয়াম হলরুমে বিএনপির উদ্যোগে ফরিদপুর-১ আসনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ সদস্য হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার দুপুরে আয়োজিত এ সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বোয়ালমারী বিএনপি পরিবারের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে হেলেন জেরিন খান এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দোকার নাসিরুল ইসলাম।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাসীবুজ্জামান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান, পৌর যুবদলের সভাপতি আমিনুল ইসলাম বাবলু, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইকবাল পিন্টু ঠাকুর এবং সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট।

অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় নেতাকর্মীরা বলেন, হেলেন জেরিন খানকে ফরিদপুর-১ আসনের বিশেষ দায়িত্ব প্রদান করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। বক্তারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে অভ্যন্তরীণ কোন্দলে বিএনপি এমপি প্রার্থী খন্দোকার নাসিরুল ইসলামকে হারিয়েছেন। এটা ভালো কাজ করেননি। তবে সবার ব্যক্তিগত মতপার্থক্য ভুলে বিএনপিকে সামনে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করে আগামী জাতীয় নির্বাচনে ফরিদপুর-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

সংবর্ধনার জবাবে হেলেন জেরিন খান এমপি বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। ফরিদপুর-১ আসনের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিএনপিকে আরও সুসংগঠিত করতে কাজ করব। ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবাইকে নিয়ে মানুষের আস্থা অর্জনের মাধ্যমে দলের লক্ষ্য বাস্তবায়ন করতে হবে।