স্টাফ রিপোর্টার: ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত ব্যক্তি আবু দাউদ (৫০)। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি জামালপুর রেলওয়ে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ঘটনার সময় তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রী ব্লেড দিয়ে আবু দাউদের পুরুষাঙ্গে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ঘটনার পর অভিযুক্ত স্ত্রীর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখদেব রায় বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এবং ঘটনার সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটির প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।