প্রকাশিত : মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬ , রাত ০৯:৩১।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৬ জুলাই ২০২৬ , ভোর ০৪:২৬

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন বীর মুক্তিযোদ্ধা রকিব আলী শিকদার


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের সাহসী সন্তান, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা রকিব আলী শিকদার আর নেই। সোমবার রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

মঙ্গলবার সকালে নিজ গ্রাম দুর্গাপুর জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গণ, ফরিদপুর জেলা পুলিশ ও বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে রাষ্ট্রের পক্ষ থেকে শেষ সম্মান জানান।

বীর মুক্তিযোদ্ধা রকিব আলী শিকদার কর্মজীবনে প্লাটিনাম জুবিলী ও ক্রিসেন্ট জুট মিলে প্রোডাকশন ম্যানেজার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি খুলনা মহামেডান ফুটবল দলের একজন খেলোয়াড় হিসেবেও পরিচিত ছিলেন। কর্মজীবন শেষে তিনি নিজ গ্রামে অবসর জীবন অতিবাহিত করছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে রনি শিকদার স্বাস্থ্য বিভাগে কর্মরত এবং মেজ ছেলে সালেহ আহমেদ বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই)। একমাত্র মেয়ে জান্নাতুত তাসনীম বিবাহিত।

স্বজনরা বলেন, রকিব আলী শিকদার ছিলেন সৎ, বিনয়ী, দেশপ্রেমিক ও মানবিক গুণাবলির অধিকারী একজন মানুষ। মুক্তিযোদ্ধা হিসেবে দেশের প্রতি তাঁর অবদান যেমন ছিল গৌরবের, তেমনি ব্যক্তি জীবনেও তিনি ছিলেন সবার শ্রদ্ধাভাজন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বড় ছেলে রনি শিকদার সবার কাছে তাঁর বাবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।

মঙ্গলবার দুপুর ২টায় দুর্গাপুর জামে মসজিদ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। বীর মুক্তিযোদ্ধা রকিব আলী শিকদারের মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।