বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় সাতৈর ইউনিয়নের জয়নগর বটতলা এলাকায় হিরু মুন্সির রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সম্মেলন শুরুর অনেক আগ থেকেই সাতৈর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ সম্মেলনস্থলে জড়ো হতে থাকেন। দলীয় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনস্থল পরিণত হয় এক মিলনমেলায়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। তৃণমূলকে শক্তিশালী করতে হলে যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নেতৃত্বে আনতে হবে। দলকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসীবুজ্জামান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সঞ্জয় সাহা। এছাড়াও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থীরা বক্তব্য দিয়ে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন এবং নেতাকর্মীদের সমর্থন কামনা করেন।
সম্মেলনে সাতৈর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন (টিআই) বিশাল নেতাকর্মীর বহর নিয়ে উপস্থিত হন। সভাপতি পদে তিনি আবারও প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। একই পদে আরও চারজন সম্ভাব্য প্রার্থী নেতাকর্মীদের সমর্থন কামনা করেন। এছাড়া সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদেও একাধিক প্রার্থী উপস্থিত থেকে নিজেদের অবস্থান তুলে ধরেন।
বক্তারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তৃণমূলের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সব পদে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হলে দলের ঐক্য ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।
সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরাও ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের পক্ষে জোরালো মত দেন। তারা বলেন, প্রথমে প্রতিটি ওয়ার্ডে গণতান্ত্রিক উপায়ে ওয়ার্ড কমিটি গঠন করা হবে। পরে সেই ওয়ার্ড কমিটির নির্বাচিত প্রতিনিধিদের ভোটে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব নির্বাচন করা হবে। এতে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।
সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে আলোচনা, বক্তব্য ও নেতাকর্মীদের মতবিনিময়ের মধ্য দিয়ে দ্বিবার্ষিক সম্মেলন শেষ হয়।
সম্মেলন শেষে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তৃণমূলের প্রত্যক্ষ অংশগ্রহণ ও ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হলে সাতৈর ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠনে পরিণত হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।