বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: সেবাগ্রহীতার কাছ থেকে গুনে গুনে ৫ হাজার টাকা ঘুষ নিচ্ছেন সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখ। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাকে সাময়িক বরখাস্ত করেছে।
রোববার সন্ধ্যার দিকে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ২ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, এক সেবাগ্রহীতার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়ার পর নগদ ৫ হাজার টাকা গ্রহণ করছেন উপসহকারী ইমরান শেখ।
ভিডিওতে শোনা যায়, সেবাগ্রহীতার নাম বাহারুল আলম, গ্রামের নাম সাতৈর এবং পিতার নাম সৈয়দ আবু হাসান। কথোপকথনের একপর্যায়ে ইমরান শেখ বলেন, মূল দলিল বিকেলে দিতে হবে। এরপর তিনি গুনে গুনে ৫ হাজার টাকা গ্রহণ করেন। তিনি সেবাগ্রহীতাকে আশ্বস্ত করে বলেন, ওই রাতেই আবেদন প্রস্তুত করবেন এবং আগামী সপ্তাহে জমা দিয়ে দুই সপ্তাহের মধ্যে মিউটেশনের কাজ সম্পন্ন করে দেবেন।
একপর্যায়ে সেবাগ্রহীতা সহকারী কমিশনার (ভূমি)-এর প্রশংসা করলে ইমরান শেখ বলেন, “উনিও ৪০ বিসিএসের, আমিও ৪০ বিসিএসের। তবে আল্লাহ উনাকে ক্যাডার বানিয়েছেন, আর আমাকে নন-ক্যাডার বানিয়েছেন।”
ভিডিওতে থাকা কথোপকথন থেকে ধারণা করা হচ্ছে, সেবাগ্রহীতা জমির মিউটেশন সংক্রান্ত সেবা নিতে এসেছিলেন এবং সেই কাজ করে দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা নেওয়া হয়।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর রোববার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ বলেন, বিষয়টি জানার পরপরই জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে অবহিত করা হয়েছে। পরবর্তীতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।