প্রকাশিত : সোমবার , ২৭ জুলাই ২০২৬ , বিকাল ০৪:০৯।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২৭ জুলাই ২০২৬ , সন্ধ্যা ০৭:৩২

নীলফামারীতে সাইবার সেলের সাফল্য: উদ্ধার ২০ হারানো মোবাইল ফোন ও ‘নগদ’-এ ভুলে পাঠানো ৯ হাজার টাকা মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ


স্টাফ রিপোর্টার:  পুলিশিং ব্যবস্থার সফল প্রয়োগে আবারও আস্থা অর্জন করল নীলফামারী জেলা পুলিশ। জেলা পুলিশের সাইবার সেলের নিরলস প্রচেষ্টায় উদ্ধার হওয়া ২০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং ভুলবশত ‘নগদ’ অ্যাকাউন্টে চলে যাওয়া ৯ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে এসব মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন নীলফামারী জেলার পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের দিকনির্দেশনায় প্রযুক্তিভিত্তিক আধুনিক পুলিশিংকে আরও গতিশীল করতে নীলফামারী জেলা পুলিশে ‘সাইবার সেল’ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই সাইবার সেলের দক্ষ ও চৌকস সদস্যরা তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার, অনলাইনভিত্তিক প্রতারণা শনাক্তকরণ, ডিজিটাল অপরাধ দমন এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন দেশের বিভিন্ন এলাকা থেকে প্রযুক্তির সহায়তায় উদ্ধার করা হয়। একই সঙ্গে ভুলবশত অন্যের ‘নগদ’ অ্যাকাউন্টে পাঠানো ৯ হাজার টাকাও উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে।

হারিয়ে যাওয়া শখের মোবাইল ফোন ও কষ্টার্জিত অর্থ ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সেবাগ্রহীতারা। তারা নীলফামারী জেলা পুলিশের পেশাদারিত্ব, আন্তরিকতা এবং জনবান্ধব সেবার ভূয়সী প্রশংসা করেন। অনেকেই বলেন, হারিয়ে যাওয়া মোবাইল ও অর্থ ফেরত পাওয়ার আশা তারা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু জেলা পুলিশের সাইবার সেলের আন্তরিক প্রচেষ্টায় তাদের সেই মূল্যবান সম্পদ আবারও ফিরে পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

নীলফামারী জেলা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার, ডিজিটাল প্রতারণা প্রতিরোধ এবং সাইবার অপরাধ দমনে তাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর জনসেবাকে আরও কার্যকর ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা পুলিশের সাইবার সেল নিরলসভাবে কাজ করে যাবে।