প্রকাশিত : শুক্রবার , ৭ আগস্ট ২০২৬ , রাত ১২:৩৫।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ৭ আগস্ট ২০২৬ , ভোর ০৫:৩০

বদলিজনিত কারণে আলফাডাঙ্গার ইউএনও রিফাত নূর মৌসুমীকে বিদায়ী সংবর্ধনা


মোঃ ইমরান মোল্লা: বদলিজনিত কারণে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমীকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। কর্মকালীন সময়ে তাঁর কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইউএনও রিফাত নূর মৌসুমী তাঁর কর্মকালীন সময়ে দক্ষতা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব প্রশংসিত হয়েছে। তাঁর কর্মদক্ষতা ও আন্তরিকতা আলফাডাঙ্গার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা তাঁর নতুন কর্মস্থলে সফলতা, সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিদায়ী বক্তব্যে ইউএনও রিফাত নূর মৌসুমী বলেন, “আজ আলফাডাঙ্গায় আমার কর্মদিবসের শেষ দিন। গত আট মাসের কর্মজীবনে আলফাডাঙ্গার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, তা আমার স্মৃতিতে চিরদিন অম্লান হয়ে থাকবে।”

তিনি তাঁর কর্মকালীন সময়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী ইউএনও রিফাত নূর মৌসুমীকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।