বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৭৫) নামে এক শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের শেখর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম শেখর ইউনিয়নের দিঘীরপাড় এলাকার বাসিন্দা। তিনি মৃত লুৎফর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রহিমা বেগম রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন শেখর বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে রেললাইনের পাশে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, রহিমা বেগম দীর্ঘদিন ধরে শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা প্রায়ই রেললাইনের ওপর দিয়ে চলাচল করতেন। দুর্ঘটনার সময়ও তিনি একাই রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। পেছন দিক থেকে ট্রেন আসায় এর শব্দ কিংবা সতর্ক সংকেত তিনি শুনতে না পাওয়ায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
রেলওয়ের উপপরিদর্শক (এসআই) নাসির বলেন, শ্রবণপ্রতিবন্ধী ওই বৃদ্ধা রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা রাজবাড়ী থেকে ঘটনাস্থলে আসি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃদ্ধা রহিমা বেগমের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে দিঘীরপাড় এলাকাসহ স্থানীয়দের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।