এস এম রবিউল ইসলাম রুবেল : ‘সবুজ হোক সাতৈর ইউনিয়ন, সুন্দর হোক আমাদের ভবিষ্যৎ’—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এলিম বিশ্বাসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতৈর ইউনিয়নের বাজার এলাকায় এ বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষ বিতরণ কর্মসূচিতে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এমন উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা।
আরএম এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী মাসুদ রানার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী এলিম বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জায় সাহা, বিশিষ্ট ব্যবসায়ী সুবাস সাহা, সাতৈর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন টিআই, ব্যবসায়ী হিরু মুন্সিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। দিন দিন গাছপালা কমে যাওয়ায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানো। একটি সবুজ ও সুন্দর সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তারা।
বৃক্ষ বিতরণ কর্মসূচিতে সাতৈর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অনেকেই গাছের চারা সংগ্রহ করে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় রোপণের আগ্রহ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, শুধু গাছের চারা বিতরণ নয়, ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় বিভিন্ন ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।