প্রকাশিত : শনিবার , ১৫ আগস্ট ২০২৬ , রাত ০৯:০৪।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ১৬ আগস্ট ২০২৬ , ভোর ০৫:১৮

বোয়ালমারীতে খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বোয়ালমারী পৌরসভা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিন এবং পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট। এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে দীর্ঘদিন রাজনীতি করেছেন। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়াকে নানা প্রতিকূলতা ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি তিনি কারাবন্দিত্ব ও নানা ধরনের রাজনৈতিক চাপ মোকাবিলা করেছেন। তাদের দাবি, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও তিনি দেশের স্বার্থে তাঁর রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি।

নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করেছে। তাঁর রাজনৈতিক আদর্শ ও সংগ্রাম দলীয় নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায়। তাঁর জন্মদিনে তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা।

সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভবিষ্যতে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার মধ্য দিয়ে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।