প্রকাশিত : রবিবার , ১৬ আগস্ট ২০২৬ , রাত ০৮:৩৯।। প্রিন্ট এর তারিখঃ বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , রাত ০২:৪২

বোয়ালমারীতে গলায় ফাঁস দেওয়া যুবকের লাশ উদ্ধার


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাহাত মিয়া (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের একটি বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত রাহাত মিয়া ওই গ্রামের হুমায়ুন ফারুক মিয়ার ছেলে। তিনি কাদিরদী কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে পরিবার। পাশাপাশি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরিও করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে বাবা-মায়ের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে যান রাহাত। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। শনিবার দুপুরে শামসুল হক মিয়ার বাগানে একটি গাছের সঙ্গে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের স্বজনরা জানান, কয়েকদিন আগে রাহাত বাড়িতে এসেছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে সামান্য রাগারাগির পর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর এমন ঘটনা ঘটবে, তা তাঁরা ভাবতেও পারেননি।

লাশ উদ্ধারকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে বাগান থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাহাতের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের সঙ্গে রাগারাগির পর তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রোববার ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।