বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে একটি স্যানিটারি ফিটিংসের দোকান থেকে বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের ওয়াপদা মোড়ে অবস্থিত ‘মানহা ফিটিংস’ নামের দোকান থেকে সাপটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অল্পের জন্য সাপের ছোবল থেকে রক্ষা পেয়েছেন দোকান মালিক পারভেজ।
স্থানীয় ও দোকান মালিক সূত্রে জানা যায়, শনিবার রাতে দোকানের ফ্লোরে রাখা প্লাস্টিকের মোটা পাইপগুলো গুছিয়ে উপরে রাখছিলেন দোকান মালিক পারভেজ। এ সময় পাইপের পাশে হঠাৎ একটি সাপ নড়েচড়ে উঠতে দেখতে পান তিনি। মুহূর্তের মধ্যেই সাপটি ফণা তুলে ছোবল দেওয়ার চেষ্টা করলে আতঙ্কিত হয়ে পাইপটি ফেলে দ্রুত দোকান থেকে বেরিয়ে আসেন পারভেজ।
পরে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধারের জন্য সোতাশী গ্রামের কবীর নামের এক সাপ উদ্ধারকারীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তিনি দোকানে এসে দীর্ঘ সময় চেষ্টা করে প্লাস্টিকের পাইপের পাশ থেকে সাপটি উদ্ধার করেন।
দোকান মালিক পারভেজ বলেন, ‘দোকানের ফ্লোরে রাখা পাইপগুলো উপরে উঠানোর জন্য ধরেছিলাম। এ সময় হঠাৎ দেখি পাইপের পাশে একটি সাপ নড়েচড়ে উঠছে। সাপটি আমাকে ছোবল দেওয়ার চেষ্টা করলে আমি দ্রুত পাইপটি রেখে দোকান থেকে বের হয়ে যাই। পরে সাপ ধরার জন্য কবীরকে খবর দেওয়া হয়। তিনি এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান।’
তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগেও দোকানের ভেতরে একটি সাপ দেখেছিলাম। তখন বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তা করিনি। কিন্তু আজ যে সাপটি পাওয়া গেছে, সেটি দেখে বুঝতে পারি বিষয়টি বেশ ঝুঁকিপূর্ণ ছিল। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি।’
সাপ উদ্ধারকারী কবীর বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। তাঁর দাবি, সাপটি বিষধর প্রজাতির এবং এর ছোবলে গুরুতর ক্ষতি হতে পারে। তিনি বলেন, ‘সাপটি দোকানের পাইপের পাশে লুকিয়ে ছিল। পরে সেটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সাপটি কাউকে ছোবল দিতে পারেনি।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে বিভিন্ন স্থান থেকে সাপ শুকনো ও নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়, বাড়িঘর ও দোকানের ভেতরে ঢুকে পড়তে পারে। বিশেষ করে মাটির স্তূপ, কাঠের গাদা, ইট-পাথর, পাইপ, ঝোপঝাড় কিংবা অন্ধকার ও ফাঁকা জায়গায় সাপ লুকিয়ে থাকতে পারে।
স্থানীয়রা আরও বলেন, দোকান কিংবা বাড়ির ভেতরে দীর্ঘদিন পড়ে থাকা পাইপ, কাঠের স্তূপ বা অন্যান্য জিনিসপত্র সরানোর সময় সতর্ক থাকা প্রয়োজন। সাপ দেখতে পেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রশিক্ষিত ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়া উচিত।
ঘটনার সময় সাপটি কাউকে ছোবল দিতে পারেনি। তবে দোকানের ভেতরে বিষধর সাপের উপস্থিতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজনের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে। একই সঙ্গে বর্ষাকালে সাপের উপদ্রব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।