বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এবং আকিজ গ্রুপের ক্লেমন-এর অর্থায়নে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ২০০টি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় এয়াকুব আলী উচ্চ বিদ্যালয় ও চতুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর জেলা কলেজ সম্পাদক ও বোয়ালমারী উপজেলা সভাপতি হাফেজ অহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক আলী আজম।
এ সময় এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান এবং চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পাশাপাশি ক্লেমন কোম্পানির কর্মচারী ও স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় অতিথিরা শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খালি জায়গায় নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।