প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ , সন্ধ্যা ০৬:৫৭।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ , রাত ০৯:০০

বোয়ালমারীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলীলের গার্ড অব অনার ও জানাজা শেষে দাফন সম্পন্ন


বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের পিতা আব্দুল জলীল মোল্যার গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলীল মোল্যাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

জানাজায় ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো মানুষ জানাজায় অংশ নেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলীল মোল্যা বেশ কিছুদিন ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভারতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয়রা জানান, আব্দুল জলীল মোল্যা ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও সদালাপী মানুষ। তিনি সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন এবং এলাকায় তাঁর ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা ছিল। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি ছয় সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জলীল মোল্যার মরদেহ তাঁর নিজ গ্রাম দড়ি সহস্রাইলের পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাঁকে দাফন করা হয়।