প্রকাশিত : শুক্রবার , ২ অক্টোবর ২০২৬ , সন্ধ্যা ০৭:৪১।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ৩ অক্টোবর ২০২৬ , বিকাল ০৫:৫৮

নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: নিজের আপন বোনের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন জুলেখা বেগম। কিন্তু বিয়ের পর জামাইয়ের বিরুদ্ধে মাদক সেবন ও মেয়েকে নির্যাতনের অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত মেয়েকে স্বামীর সংসার থেকে ছাড়িয়ে আনার পর নিজের দেওয়া ওয়াদা অনুযায়ী প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন ওই মা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।

জুলেখা বেগম উপজেলার বড় বাইখীর গ্রামের মহশিন মোল্লার স্ত্রী। তার মেয়ে মনিরা খাতুনকে (৩০) প্রায় ১৪ বছর আগে আপন বোনের ছেলে সুমন শেখের (৪০) সঙ্গে বিয়ে দেওয়া হয়।

সুমন শেখের পিতা নজরুল শেখ, মাতা রহিমা বেগম। তার বাড়ি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের খাড়াপাড়া গ্রামে।

জুলেখা বেগম বলেন, “নিজের বোনের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলাম। কিন্তু বিয়ের পর থেকেই সে মেয়েকে নির্যাতন ও মারধর করত। নেশা করে মেয়ের ওপর অত্যাচার চালাত। কয়েকদিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তালাকের পর মেয়েকে আমার কাছে নিয়ে এসেছি। এরপর দেওয়া ওয়াদা অনুযায়ী দুধ দিয়ে গোসল করেছি।”

মনিরার বাবা মহশিন মোল্লা বলেন, “বিয়ের পর থেকেই মেয়েকে তার স্বামী মারধর ও নির্যাতন করত। অনেক চেষ্টা করেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত মেয়েকে ছাড়িয়ে এনেছি। পরে আমার স্ত্রী তার দেওয়া ওয়াদা অনুযায়ী দুধ দিয়ে গোসল করেছেন।”

মনিরা খাতুন বলেন, “বিয়ের পর থেকেই আমার স্বামী মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় আমাকে মারধর করত। মা-বাবা একাধিকবার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেছেন। কিন্তু পরে আবার একই ঘটনা ঘটত। শেষ পর্যন্ত মা আমাকে তার কাছ থেকে ছাড়িয়ে এনেছেন।”

তবে মাদকাসক্ত ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন সুমন শেখ। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আমাকে ফাঁসানোর জন্য এসব অপবাদ দেওয়া হয়েছে।”

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।