প্রকাশিত : শনিবার , ৭ নভেম্বর ২০২৬ , সন্ধ্যা ০৬:৩০।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ৮ নভেম্বর ২০২৬ , সকাল ০৯:২২

নানা আয়োজনে বোয়ালমারীতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে পৌরসভার ডাকবাংলো রোডে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসীবুজ্জামান শাহিনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, উপজেলা যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম সম্রাট, পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম বাবলু, সদস্য সচিব মো. আল আমিন হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়েজিদ খান রাব্বি, সাতৈর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু এবং উপজেলা বিএনপির নির্বাহী সদস্য সাইফুল ইসলাম বকুল।

বক্তারা তাঁদের বক্তব্যে সাবেক রাষ্ট্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দেশ গঠনে তাঁর ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসিকতা ও জাতীয়তাবাদী আদর্শ থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করে নবীনদের বিএনপির রাজনীতিতে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।ঔ

তাঁরা আরও বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।