বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে দোকানের চালের টিন কেটে ও পেছনের দরজার তালা ভেঙে ঐশি ফার্নিচার নামের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় দামী মোটরসহ প্রায় দুই লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিকের ভাতিজা নয়ন রায় বাদী হয়ে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঐশি ফার্নিচারের মালিক বিধান রায় মেয়ের চিকিৎসার জন্য প্রায় ২০ দিন ধরে ভারতে অবস্থান করছেন। এদিকে তাঁর ভাতিজা নয়ন রায় কালীপূজা উপলক্ষে রোববার সন্ধ্যায় দোকান বন্ধ করে ময়না ইউনিয়নের বানিয়ারী গ্রামের বাড়িতে যান। পরদিন সকালে দোকানে এসে শাটার খুলে ভেতরে প্রবেশের পর চালের টিন কাটা দেখতে পান। পরে পেছনের দরজার তালাও ভাঙা অবস্থায় দেখতে পান তিনি। চোরেরা ওই পথ দিয়ে দোকানে ঢুকে বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
এ সময় দোকানের কয়েকটি মোটরের লোহার অংশ পাশের পুকুরে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক দোকানদার। পরে পুকুর থেকে মোটরের কিছু অংশ উদ্ধার করা হয়। তবে মোটরের ভেতরের তামা খুলে নিয়ে গেছে চোরেরা। এ ছাড়া দোকানের বিভিন্ন যন্ত্রাংশ ও বৈদ্যুতিক সংযোগের তারও খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারের একটি দোকানে এভাবে চুরির ঘটনা ঘটায় তাঁরা উদ্বিগ্ন। এ ধরনের ঘটনা চলতে থাকলে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
দোকান মালিক বিধান রায়ের ভাই উত্তম কুমার রায় বলেন, ‘আমার ভাই মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে রয়েছেন। এর মধ্যে তাঁর দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার মালামাল খোয়া গেছে।’
দোকান মালিকের ভাতিজা নয়ন রায় বলেন, ‘কালীপূজা উপলক্ষে রোববার সন্ধ্যায় দোকান বন্ধ করি। পরে বাজার থেকে কিছু মালামাল কিনে রাত ৮টার দিকে দোকান খুলে সবকিছু দেখে বাড়িতে চলে যাই। পরদিন সকালে এসে দেখি দোকানের চালের টিন কাটা, পেছনের দরজার তালা ভাঙা এবং মালামাল নেই। এভাবে চুরি হলে আমরা কীভাবে ব্যবসা করব? দ্রুত চোরচক্রকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করেছে। চোরচক্রকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। যেকোনোভাবে চোরদের আটক করে আইনের আওতায় আনা হবে।