নিজেস্ব প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নির্মাণাধীন ছয়তলা ভবনের পাঁচতলা থেকে পড়ে পলাশ মোল্যা নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার শিবপুর এলাকায় বিলাসী শপিং সেন্টারের পাশে বায়তুন নূর জামে মসজিদসংলগ্ন নূর টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৪ নভেম্বর) সকালে তাঁর মৃত্যু হয়।
নিহত পলাশ মোল্যা ফরিদপুরের বউবাজার এলাকার বাসিন্দা। তিনি ওই নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র ও ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকদের বরাত দিয়ে জানা যায়, ভবনের পাঁচতলায় কাজ শেষে ময়লা-আবর্জনা নিচে ফেলার সময় অসাবধানতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান পলাশ। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে ফরিদপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর নির্মাণাধীন ভবনটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, ভবনটিতে নির্মাণশ্রমিকদের সুরক্ষায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না। এর আগেও ভবনটির ওপর থেকে ভারী রড পাশের একটি কিন্ডারগার্টেন মাদ্রাসার ভেতরে পড়ে টিনের চাল ভেদ করে একটি বেঞ্চ ছিদ্র হয়ে যায়। তবে ওই সময় মাদ্রাসায় টিফিন বিরতি চলায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয়দের অভিযোগ, আগের ঘটনার পর ভবনের ওপরের অংশে বাঁশের কাঠামোর ওপর মশারি এবং কিছু অংশে টিন লাগিয়ে নিরাপত্তাব্যবস্থার উদ্যোগ নেওয়া হলেও তা পর্যাপ্ত ছিল না। তাঁদের আশঙ্কা, যথাযথ নিরাপত্তাবেষ্টনী না থাকলে ভবন থেকে ভারী নির্মাণসামগ্রী পড়ে পথচারী, আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে।
নূর টাওয়ারের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, কাজ শেষে অবশিষ্ট ময়লা-আবর্জনা নিচে ফেলতে গিয়ে পলাশ নামে এক শ্রমিক ওপর থেকে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে ফরিদপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের ঘটনার খবর তাঁদের জানা নেই। কেউ কোনো অভিযোগও করেননি। তবে খোঁজখবর নিয়ে বিষয়টি দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এস এম রকিবুল হাসান বলেন, এ বিষয়ে নিয়ে আমরা তদন্ত করছি। আইনের ব্যাত্যয় ঘটলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
একজন শ্রমিকের এমন মর্মান্তিক মৃত্যু আবারও নির্মাণাধীন বহুতল ভবনে শ্রমিকদের নিরাপত্তা এবং আশপাশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি সামনে নিয়ে এসেছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি ভবনটিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।