বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে গৃহবধূ, তাঁর ভাসুর ও ভাতিজাসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উমরনগর গ্রামের ওয়াহিদুজ্জামানের স্ত্রী হিরা বেগম (৪০), তাঁর ভাসুর জাকির হোসেন ও ভাতিজা খলিল মোল্লাসহ চারজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে জাকির শেখ চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। তবে হিরা বেগম ও খলিল শেখ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহিদুজ্জামান ও তোফাজ্জল শেখের বাড়ির জমি পাশাপাশি। জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। ওয়াহিদুজ্জামানের অভিযোগ, তোফাজ্জল শেখের বড় ছেলে সোবহান শেখ তাঁদের জমির অংশে টয়লেট ও গোসলখানা নির্মাণ করছেন। এ নিয়ে ওয়াহিদুজ্জামানের স্ত্রী হিরা বেগম আপত্তি জানালে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তোফাজ্জল শেখের ছোট ছেলে গোলাম আজম মনির লোকজন নিয়ে এসে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তাঁরা।
আহত হিরা বেগম বলেন, আমাদের জমির অংশ দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। আমরা নিষেধ করায় গোলাম আজম মনির ঘরে ঢুকে আমার স্বামীকে খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে আমার ওপর অতর্কিত হামলা চালান। পরে আরও লোকজন নিয়ে এসে আমাদের মারধর করেন। জমি দখলের চেষ্টা করে আবার আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
হিরা বেগমের স্বামী ওয়াহিদুজ্জামান অভিযোগ করে বলেন, গোলাম আজম মনির এক আত্মীয়ের বাড়ি থেকে লাঠি নিয়ে এসে তাঁদের ঘরে ঢুকে তাঁকে খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে স্ত্রীকে মারধর করেন। পরে আরও লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে তাঁর স্ত্রী, ভাই, ভাতিজাসহ কয়েকজন আহত হন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে গোলাম আজম মনিরের বক্তব্য জানতে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর বাবা তোফাজ্জল শেখ বলেন, আমার আমাদের জমিতে পাকা স্থাপনা নির্মাণ করছি। এ সময় তাঁরা বাধা দিতে এলে মারামারির ঘটনা ঘটে।
স্থানীয় মাতবর সাইফার মোল্লা বলেন, ওয়াহিদুজ্জামানদের বাবা আবুল হাসেম দপ্তরী তাঁদের জমি থেকে প্রায় দেড় হাত জায়গা ছেড়ে দিয়ে তোফাজ্জলদের ঘর নির্মাণের সুযোগ দিয়েছিলেন। তবে শর্ত ছিল, তাঁরা যেন ওয়াহিদুজ্জামানদের জমির অংশে না যান। কিন্তু সেই শর্ত অমান্য করে আবার পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে বসে মীমাংসার পরামর্শ দেওয়া হয়েছিল। এর মধ্যেই তোফাজ্জলের ছেলে এসে ওয়াহিদুজ্জামানদের পরিবারের সদস্যদের মারধর করেন বলে তিনি জানান।
এ বিষয়ে বোয়ালমারী থানার পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।