প্রকাশিত : রবিবার , ২২ নভেম্বর ২০২৬ , সকাল ০৮:৪৯।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২৩ নভেম্বর ২০২৬ , রাত ০৩:২৬

বোয়ালমারীতে পৃথকভাবে দুই গ্রুপের সশস্ত্র বাহিনী দিবস পালন


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ডিফেন্স এক্স-সোলজারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্টের উদ্যোগে পৃথকভাবে দুটি গ্রুপের আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উভয় গ্রুপ পৃথক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

শনিবার সকালে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে একটি গ্রুপ এবং উপজেলা অডিটোরিয়াম হলরুমের সামনে থেকে অপর গ্রুপ বর্ণাঢ্য র‍্যালি বের করে। র‍্যালি দুটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ স্থানে গিয়ে শেষ হয়। পরে একটি গ্রুপ উপজেলা মডেল মসজিদ হলরুমে এবং অপর গ্রুপ উপজেলা অডিটোরিয়াম হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।

ডেসওয়া ট্রাস্টের একটি গ্রুপের নেতৃত্বে ছিলেন সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইলিয়াস হোসেন। তাঁর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাবেক কমিশনার শেখ আজিজুল হক ও সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এলিম বিশ্বাস।

অপর গ্রুপের নেতৃত্বে ছিলেন সভাপতি অনারারি ক্যাপ্টেন গোলজার রহমান। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান, সাবেক কমিশনার শেখ আজিজুল হক ও সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এলিম বিশ্বাস।

আলোচনা সভায় বক্তারা সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন।