প্রকাশিত : রবিবার , ২২ নভেম্বর ২০২৬ , সকাল ০৮:৫৭।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২৩ নভেম্বর ২০২৬ , রাত ০৩:২৬

ইউএনওর সঙ্গে জামায়াতের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভ


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হুমকি-ধমকি, প্রশাসনিক কাজে চাপ সৃষ্টি ও মব তৈরির অপচেষ্টার প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকরা জানান।

এর আগে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের কার্যালয়ে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও হট্টগোলের অভিযোগ ওঠে। বিএনপির এক নেতার দাবি, পৌর জামায়াতের আমীর সৈয়দ নিয়ামুল হাসান ও সেক্রেটারি সাজ্জাদ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা ইউএনওর কার্যালয়ে গিয়ে সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লার যথাযথ মূল্যায়ন না করা এবং তাঁদের সুপারিশ আমলে না নেওয়ার অভিযোগ তুলে চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে ইউএনও পুলিশ ডাকেন। পরে জামায়াত নেতারা ভুল স্বীকার করে কার্যালয় ত্যাগ করেন বলে দাবি করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন ও যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম সম্রাটসহ দলীয় নেতারা।

বক্তারা বলেন, সরকারি কর্মকর্তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। তাঁদের ভয়ভীতি দেখিয়ে কিংবা চাপ সৃষ্টি করে অনৈতিক সুবিধা আদায়ের সুযোগ দেওয়া হবে না। সরকারি অফিস-আদালতে বিশৃঙ্খলা ও মব তৈরির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রশাসনের কর্মকর্তারা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রশাসনের পাশে থাকবেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, শহিদউদ্দীন মিয়া দিপু, কৃষক দলের সভাপতি লুৎফর রহমান, যুবদল নেতা জহুরুল ইসলাম ঠাকুর পিন্টু, আমিনুল ইসলাম বাবলু, রাসেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন চৌধুরী, রূপাপাত ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আরেফিন রাব্বিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিষয়ে ইউএনও এস এম রকিবুল হাসানের বক্তব্য জানতে তাঁর কার্যালয়ে যোগাযোগ করা হলে তিনি প্রকল্প পরিদর্শনে বাইরে থাকায় বক্তব্য পাওয়া যায়নি। জামায়াতের পৌর আমীর সৈয়দ নিয়ামুল হাসানের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্যও পাওয়া যায়নি।