বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ ঘটনায় বিএনপির বিক্ষোভ কর্মসূচির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৬ নভেম্বর জামায়াতের ২০-২৫ জন নেতাকর্মী সংসদ সদস্যকে সরকারি কর্মসূচিতে যথাযথ মর্যাদা দেওয়া, নিয়োগে স্বচ্ছতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও চুরি-ডাকাতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট দাবি নিয়ে ইউএনওর কার্যালয়ে যান। এ সময় ইউএনও তাদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেন এবং পুলিশ ডেকে মামলা ও গ্রেপ্তারের হুমকি দেন বলে অভিযোগ করেন তারা। তবে তাদের দাবি, তারা কোনো মব সৃষ্টি করেননি।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা অভিযোগ করেন, ঘটনার প্রকৃত তথ্য যাচাই না করে বিএনপি তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করেছে। এ ছাড়া বিক্ষোভ কর্মসূচিতে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের লক্ষ্য করে হত্যার হুমকিসংবলিত স্লোগান দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। এ ঘটনার নিন্দা জানিয়ে প্রশাসনের নিরপেক্ষতা, সরকারি নিয়োগে স্বচ্ছতা এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. বিলাল হোসেন, পৌর আমির সৈয়দ নিয়ামুল হাসান, অধ্যাপক মো. ইমারত হোসেন চৌধুরী, মাওলানা শহিদুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম, আবুল কাশেম মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে ইউএনও এস এম রকিবুল হাসানের সরকারি মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে গিয়ে জামায়াত নেতারা যে পরিস্থিতির সৃষ্টি করেছেন, তা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তারা মব সৃষ্টি করেছেন, যা কোনোভাবেই কাম্য নয়। বিএনপি নয়, জামায়াত নেতারাই মিথ্যাচার করেছেন। আমরা তাদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’