বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’-এমন মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উপজেলা বিএনপির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার এক দিন পর গ্রেপ্তার হয়েছেন বোরহান মাহমুদ। তিনি বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে মধুখালীর একটি ভাড়া বাসা থেকে ৮ লাখ ২০ হাজার টাকার চেক ডিজঅনার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বোরহান মাহমুদ বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে। তিনি কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সম্প্রতি বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে তাঁর বিরোধ প্রকাশ্যে আসে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। অন্যদিকে খন্দকার নাসিরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে বোরহানের সঙ্গে ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক না রাখার কথা জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ৮ লাখ ২০ হাজার টাকার চেক ডিজঅনারের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। ২০২০ সালে ওই মামলায় আদালত রায় দেন। পরবর্তী সময়ে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘বোরহান মাহমুদ চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হবে।’