এস এম রবিউল ইসলাম রুবেল : দীর্ঘ সাত বছরের বিরোধ, হত্যা মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন, গ্রামজুড়ে বিভক্তি- সবকিছুর অবসানে এবার ঐক্যের বার্তা দিলেন অ্যাডভোকেট এফ এম সেলিম হোসেন নিলু। নিজের উদ্যোগ ও মধ্যস্থতায় দুই পক্ষের মানুষের মধ্যে বিরোধ মিটিয়ে একে অপরের হাত ধরিয়ে দিয়েছেন তিনি। তাঁর এ উদ্যোগে দীর্ঘদিনের বিভক্তি ভুলে নতুন করে সম্প্রীতির পথে হাঁটার প্রত্যয় ব্যক্ত করেছেন রূপাপাত গ্রামের মানুষ।
শুক্রবার রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের ময়রার মাঠে প্রায় পাঁচ শতাধিক গ্রামবাসীর উপস্থিতিতে এ ব্যতিক্রমী মীমাংসা সভা অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘদিনের বিরোধ ভুলে দুই পক্ষের লোকজন পরস্পরের সঙ্গে হাত মেলান। এ সময় উপস্থিত মানুষের মধ্যে তৈরি হয় আবেগঘন পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে রূপাপাত গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনিরুজ্জামান মনির ফকিরের পক্ষ ও রবিউল শেখের পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে মনির ফকিরের সমর্থক বাকিয়ার শেখ (৪৭) নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও দূরত্ব বজায় ছিল। সময়ের সঙ্গে সেই বিরোধ ছড়িয়ে পড়ে গ্রামের সামাজিক জীবনেও।
এমন পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে এগিয়ে আসেন রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট এফ এম সেলিম হোসেন নিলু। তাঁর উদ্যোগে দুই পক্ষের লোকজনকে এক জায়গায় বসিয়ে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের বিরোধের সামাজিক সমাধান করা হয়। ফলে দীর্ঘদিন পর একই গ্রামের মানুষ আবারও মিলেমিশে থাকার আশার আলো দেখছেন।
ব্যবসায়ী লক্ষ্মণ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট এফ এম সেলিম হোসেন নিলু। নবকাম পল্লী কলেজের শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন একই কলেজের শিক্ষক মনোজিত অধিকারী, মামলার বাদী মনিরুজ্জামান মনির ফকির, বিবাদী রবিউল ইসলাম, স্থানীয় মাতবর ও গণ্যমান্য ব্যক্তিরা।
সেলিম হোসেন নিলুর এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত গ্রামবাসী। তাঁদের মতে, বিরোধ সৃষ্টি করা সহজ, কিন্তু দীর্ঘদিনের বিরোধ ভুলিয়ে মানুষকে এক টেবিলে বসানো কঠিন। সেই কঠিন কাজটিই করার উদ্যোগ নিয়েছেন নিলু। তাঁদের প্রত্যাশা, অতীতের সব বিভেদ ভুলে রূপাপাত গ্রামের মানুষ এখন থেকে সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়াবেন।
দীর্ঘদিনের বিরোধের অবসানে সেলিম হোসেন নিলুর এ উদ্যোগকে গ্রামের শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।