আলফাডাঙ্গা প্রতিনিধি : ফরিদপুর-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ১ ফেব্রুয়ারি থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এই মোতায়েন কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন। বিশেষ করে আলফাডাঙ্গা পৌরসভা এলাকা, গোপালপুর ইউনিয়নসহ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্র ও আশপাশের এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে। সন্দেহভাজন চলাচল, অবৈধ অস্ত্র, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কিংবা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে মোবাইল টিম।
এদিকে সেনা মোতায়েনের ফলে সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর উপস্থিতিতে এলাকায় নিরাপত্তা জোরদার হয়েছে এবং ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের দিন পর্যন্ত এই নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও সতর্ক করা হয়েছে সংশ্লিষ্টদের।