প্রকাশিত : রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , সকাল ১১:০০।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , বিকাল ০৫:৩৫

বোয়ালমারীতে জামায়াতে ভোট দেওয়ায় বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ


স্টাফ রিপোর্টার: বোয়ালমারীতে জামায়াত প্রার্থীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে নব্য বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে। নির্বাচনী রেশ কাটতে না কাটতেই সহিংসতায় আতঙ্কিত হয়ে পড়েছে পুরো গ্রাম।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী চরপাড়া গ্রামে বিএনপির নবাগত নেতা ইউনুস, লিটন ও বিপুলের নেতৃত্বে প্রায় এক হাজার লোকজন জড়ো হয়ে হামলা চালায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মো. সুজন শেখ বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পক্ষে কাজ করায় তার বাড়িসহ সমর্থকদের একাধিক বাড়িঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মকসেদ শেখ ও তার চার ছেলের বসতঘর। এছাড়া একই গ্রামের সোহেল, রাসেল, খোরশেদ, সুজন শেখ, হাসান ও ফয়সালের বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে। ভাঙচুরের পাশাপাশি ঘরের ভেতরের আসবাবপত্র, ধানসহ বিভিন্ন মালামাল লুটপাট ও নষ্ট করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

ভুক্তভোগী সুজন শেখ বলেন, আমার ভাই বাংলাদেশ জামায়াতে ইসলামী করে। সে নির্বাচনে কাজ করায় আমাদের বাড়িতে দুপুরবেলা হামলা চালানো হয়। ঘরের ভেতরের আসবাবপত্র, ধান-সবকিছু তছনছ করে দিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। কোনো দল করা কি অপরাধ?

এদিকে অভিযুক্ত ইউনুসসহ অন্যদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বোয়ালমারী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। নির্বাচন শেষ হলেও রাজনৈতিক প্রতিহিংসার আগুন যেন এখনো নিভেনি এমন মন্তব্য করছেন স্থানীয়রা।