প্রকাশিত : বৃহঃস্পতিবার , ৫ মার্চ ২০২৬ , ভোর ০৫:০৬।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ৫ মার্চ ২০২৬ , দুপুর ০১:১৩

ঈদের সাজে বাজার জমলেও বিক্রি কম, বিশৃঙ্খলা রুখতে প্রশাসন সজাগ


স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাজসজ্জায় প্রস্তুত বোয়ালমারী পৌরশহরের বিপণিবিতান ও মার্কেটগুলো। তবে প্রত্যাশার তুলনায় এখনো বেচাকেনা তেমন জমেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্রি বাড়বে বলে আশা তাদের। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, আগের তুলনায় পোশাকের দাম বেড়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের রেলস্টেশন রোড, আজহার সুপার মার্কেট, সুবহান টাওয়ারের এসআর ফ্যামিলী মার্ট, আদর্শ বস্ত্র বিতান ও রাজপ্লাজা মার্কেট ঘুরে দেখা যায়, বুধবার সকাল থেকে কিছুটা ক্রেতা উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কমে যায়। অন্যান্য বছরের তুলনায় বিক্রি কম হলেও ঈদের শেষ সপ্তাহে জমে উঠবে বাজার—এমন প্রত্যাশা ব্যবসায়ীদের।

বাজারে শিশুদের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। এরপর রয়েছে নারীদের পোশাক। পুরুষদের কেনাকাটা তুলনামূলক কম দেখা গেছে। শিশুদের জন্য শার্ট, প্যান্ট, গেঞ্জি, পার্টি ফ্রক, সুতি ফ্রক ও বেবি সেটের চাহিদা বেশি। নারীদের জন্য ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, ডেনিম প্যান্ট, প্লাজু, জগার্স, হিজাব-বোরকা, পাকিস্তানি জর্জেট, সারারা-গারারা ও পার্টি ড্রেস বিক্রি হচ্ছে। পুরুষদের জন্য রয়েছে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও পাজামা।

লুৎফর নামের এক ক্রেতা বলেন, দুই ছেলেকে নিয়ে মার্কেটে এসেছি। তবে এবার পোশাকের দাম একটু বেশি মনে হচ্ছে। প্রতিটি পণ্যের দাম নির্ধারিত থাকলে এবং প্রশাসন তদারকি করলে ক্রেতারা স্বস্তি পেতেন।

আরেক ক্রেতা ফিরোজ আহমেদ বলেন, পাঞ্জাবি-পাজামা বানাতে এসেছি। কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে।

এসআর ফ্যামিলীর মালিক মো. জাকির হোসেন তালুকদার জানান, তাদের মার্কেটে শিশুদের পোশাক, জুতা, নারীদের ড্রেস, কসমেটিকসসহ প্রয়োজনীয় সব পণ্য পাওয়া যায়। ঈদের আগের দিনগুলোতে বিক্রি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজপ্লাজা মার্কেটের হোসেন গার্মেন্টসের মালিক শহিদুল ইসলাম বলেন, রোজার শুরুতে মোটামুটি বিক্রি হয়েছে। এখন কিছুটা কম। তবে দিন যত যাচ্ছে, বিক্রি বাড়ছে। সামনে ক্রেতাদের ভিড় বাড়বে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, আমরা মেইন মেইন সড়কে পুলিশের টহলরত পেট্রোল টিম রেখেছি। সেই সাথে বিভিন্ন গোয়েন্দা রেখেছি। কোন প্রকার বিশৃঙ্খলা হলে আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে সেটাকে মোকাবেলা করবো। আমরা সর্বদা প্রস্তুতি রয়েছি

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, রমজান ও ঈদ উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাকের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ অতিরিক্ত দাম নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈদকে সামনে রেখে বাজারে প্রস্তুতি থাকলেও এখন সবার দৃষ্টি শেষ সময়ের কেনাকাটার দিকে। ব্যবসায়ীরা যেমন আশাবাদী, তেমনি বিশৃঙ্খলা রুখতে প্রশাসনও রয়েছে সতর্ক।