প্রকাশিত : সোমবার , ২৩ মার্চ ২০২৬ , রাত ০৮:৩৪।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ , সকাল ০৮:৫৬

নগরকান্দায় পুকুরের জায়গা নিয়ে সংঘর্ষ, আহত ৩


নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার বনগ্রাম এলাকায় পুকুরের পাড় ক্ষতিগ্রস্ত হওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বনগ্রাম গ্রামের বাসিন্দা মোঃ শাহাদাত হোসেন (৬৫) দীর্ঘদিন ধরে তার বসতবাড়ির উত্তর পাশে একটি পুকুরে মাছ চাষ করে আসছেন। অভিযোগ রয়েছে, প্রতিবছর পেঁয়াজ মৌসুমে প্রতিবেশীরা পুকুরের পশ্চিম ও উত্তর পাড় দিয়ে অটোগাড়ি ও ভ্যানগাড়িতে ফসল আনা নেওয়া করায় পাড় ক্ষতিগ্রস্ত হয়ে আসছিল।

সর্বশেষ বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১০ টার দিকে অভিযুক্তরা পুকুরপাড় দিয়ে পেঁয়াজ বহন করার সময় পাড় ভেঙে গেলে শাহাদাত হোসেন ও তার পরিবারের সদস্যরা প্রতিবাদ জানান। এ সময় পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে লাঠি, লোহার রড, জিআই পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এতে শাহাদাত হোসেন গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছেলে ফয়সাল হোসেনের হাত ভেঙে যায়। এছাড়া ভাতিজা ফরিদ মোল্যা হামলার শিকার হয়ে মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং তার একাধিক দাঁত ভেঙে যায়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে থেকে গুরুতর আহত ফরিদ মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ফয়সাল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ফরিদ মোল্যা ফরিদপুর  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মোঃ শাহাদাত হোসেন ১৬ জনের নাম উল্লেখ করে নগরকান্দা থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এ বিষয়ে থানা সূত্রে জানাগেছে  অভিযোগ হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রোকিয়া চলছে।