প্রকাশিত : বুধবার , ২৫ মার্চ ২০২৬ , রাত ০৮:০৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৮ মার্চ ২০২৬ , রাত ০৯:৩৬

বোয়ালমারীতে আমিনা মামুন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের চিকিৎসা সহায়তা


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ফরিদপুরের বোয়ালমারীতে অসহায় এক পরিবারের পাশে দাঁড়িয়েছে আমিনা মামুন ফাউন্ডেশন। দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করা মুরশিদ সরদারের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়েছে।


বুধবার (সন্ধ্যায়) পৌরসভার কাজী হারুন শপিং কমপ্লেক্সে অবস্থিত ফাউন্ডেশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের অর্থ তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খন্দকার আশরাফুল আলম মামুন। এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ এবং সাংবাদিক নাগর মিয়া।

জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার চরনারায়ণদিয়া গ্রামের বাসিন্দা মুরশিদ সরদার দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। পরিবারের আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। বিষয়টি জানতে পেরে আমিনা মামুন ফাউন্ডেশন দ্রুত খোঁজখবর নিয়ে তার চিকিৎসার জন্য এই নগদ সহায়তা প্রদান করে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খন্দকার আশরাফুল আলম মামুন বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করছি সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকতে।

স্থানীয়রা ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।