প্রকাশিত : শনিবার , ১১ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৬:২৫।। প্রিন্ট এর তারিখঃ বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ , ভোর ০৫:০০

ইসরায়েলের হামলায় লেবাননে ফরিদপুরের দিপালী নিহত


স্টাফ রিপোর্টার: মধ্যপ্রচ্যে অস্থির পরিস্থিতির মধ্যে লেবাননের রাজধানী বৈরুত-এ ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারালেন এক প্রবাসী বাংলাদেশি নারী। নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার বাসিন্দা।

শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ দূতাবাস, বৈরুত সূত্রে জানা যায়, গত বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলার সময় দিপালী তার নিয়োগকর্তা (কফিল) পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

দূতাবাস গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, এই আকস্মিক মৃত্যুর ঘটনায় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতাল-এর মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোসহ পরবর্তী করণীয় বিষয়ে দূতাবাস কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

উল্লেখ্য, ইরান–যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরই লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল, যার মধ্যে হামরা এলাকাও ছিল অন্যতম। এই হামলায় নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে পুরো অঞ্চলে।