বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য পরামর্শ কর্মসূচির আয়োজন করেছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।
বুধবার (২৯ এপ্রিল) উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজার সংলগ্ন এসডিসির শাখা কার্যালয়ে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ফরিদপুর স্বপ্নগড়ি ফাউন্ডেশন ও থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া রোগী কল্যাণ কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে নানা ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল সেবার আওতায় ছিল—থ্যালাসেমিয়া স্ক্রিনিং, ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি পরীক্ষা, হেপাটাইটিস বি ভাইরাস পরীক্ষা, টিকাদান এবং অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন, হৃদরোগ ও নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মো. মিজানুর রহমান।
আয়োজক সূত্রে জানা যায়, এদিন প্রায় আড়াইশো রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। সেবা গ্রহণকারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত উপকারী হিসেবে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন এসডিসির মাইক্রোফাইন্যান্স বিভাগের পরিচালক মো. জাহিদুল আলম, সিনিয়র সহকারী পরিচালক খন্দকার নজরুল ইসলাম, সহকারী পরিচালক কাজী হাসান ফিরোজ, এসডিসির জুনিয়র ম্যানেজার শাহিনা আক্তার, ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা, সাতৈর ইউনিয়ন পরিষদের সদস্য বুলবুল ইসলাম, এসডিসির সমন্বয়কারী প্রসেনজিৎ পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।