স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন কাজ করছে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। এমন মন্তব্য করেছেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
বৃহস্পতিবার বোয়ালমারী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আমরা জনগণের সেবক। সাধারণ মানুষ যাতে দ্রুত ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পায়, সেজন্য প্রশাসনের সকল পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে। জেলার প্রতিটি উপজেলায় নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, স্কুল, কলেজ, মাদরাসা, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস ও উপজেলা পরিষদসহ সরকারি সকল প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোথাও অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাজহারুল ইসলাম বলেন, জনগণের আস্থা অর্জন করাই প্রশাসনের মূল লক্ষ্য। সেবার মান বৃদ্ধি ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান, সহাকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।