প্রকাশিত : বুধবার , ২৪ জুন ২০২৬ , সকাল ০৭:২০।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ২৫ জুন ২০২৬ , রাত ০৩:২২

শরীর ও মন সুস্থ রাখতে প্রভাতী সংঘের বিকল্প নেই-বোয়ালমারীতে ভোরের আলোয় স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ


স্টাফ রিপোর্টার: বর্তমান ব্যস্ত জীবনে শরীর ও মন সুস্থ রাখা অনেকের কাছেই বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ফরিদপুরের বোয়ালমারীতে গড়ে উঠেছে প্রভাতী সংঘ। নিয়মিত হাঁটা, ব্যায়াম ও পারস্পরিক আলোচনার মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিচ্ছে এ সংগঠন।

প্রতিদিন ভোরের আলো ফুটতেই ঘুম থেকে উঠে প্রভাতী সংঘের সদস্যরা ছুটে আসেন বোয়ালমারী রেলস্টেশনে। সেখানে তারা একত্রিত হয়ে প্রায় এক ঘণ্টা হাঁটাচলা, শারীরিক ব্যায়াম ও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এতে যেমন শরীর সক্রিয় থাকে, তেমনি মানসিক প্রশান্তিও পাওয়া যায় বলে জানান সদস্যরা।

সংগঠনের সদস্যরা মনে করেন, নিয়মিত সকালে হাঁটা ও ব্যায়াম মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি পরিবার, সমাজ ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। এতে একাকীত্ব দূর হয় এবং তৈরি হয় সুন্দর সামাজিক বন্ধন।

বোয়ালমারীতে প্রতিষ্ঠিত প্রভাতী সংঘটি স্থানীয়ভাবে প্রথম দিকের একটি স্বাস্থ্য সচেতন সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। সংগঠনের সদস্যরা জানান, প্রভাতী সংঘ শুধু শরীরচর্চার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; সমাজের জন্য নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইতিবাচক চিন্তার প্রসারেও কাজ করবে।

প্রভাতী সংঘে বয়স্ক, মধ্যবয়সীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত রয়েছেন। বয়সের বাধা পেরিয়ে সবাই ভোরে একত্রিত হয়ে সুস্থ ও সুন্দর জীবন গড়ার প্রত্যয়ে কাজ করছেন।

সংগঠনের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন খান, সভাপতি মো. মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক কাজী হাসান ফিরোজ।

প্রভাতী সংঘের সদস্যরা বলেন, “সুস্থ দেহ ও সুস্থ মনই সুন্দর জীবনের মূল চাবিকাঠি। নিয়মিত হাঁটা ও ব্যায়ামের মাধ্যমে আমরা নিজেরা ভালো থাকার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করতে চাই।”

স্থানীয়রা জানান, ভোরের এই আয়োজন শুধু শরীরচর্চা নয়, বরং মানুষের মধ্যে সৌহার্দ্য, বন্ধুত্ব ও সামাজিক সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।