বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিকূলতা, নির্যাতন ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও যারা দলের আদর্শের প্রতি অবিচল থেকেছেন, আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন—আগামী দিনের বিএনপির সাংগঠনিক কাঠামোতে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিত নেতাকর্মীরাই দলের নেতৃত্বে আসবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পর্যায় থেকে দলকে আরও গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসীবুজ্জামান শাহীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সহধর্ম বিষয়ক সম্পাদক রনজিৎ কুমার মিত্র এবং পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদ মেম্বার।
সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
দলীয় সূত্র জানায়, সম্মেলনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।