মোঃ ইমরান মোল্লা: আজ ২৯শে জুন ২০২৬, সোমবার সকাল ১১টার সময়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এরপর বিদ্যালয়ের হলরুমে জলবায়ু পরিবর্তনের কারণ, এর প্রভাব এবং পরিবেশ সংরক্ষণে করণীয় বিষয়ে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যক্তি, পরিবার ও সমাজ—সব পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বানও জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক এ.এম.এম. মোস্তাফিজুল ইসলাম, ইংরেজী শিক্ষক মোঃ মুজাহিদুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।