বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ইয়াবাসহ বাবুল শেখ নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১০টার দিকে বোয়ালমারী থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার ঘোষপুর ইউনিয়নের ফুলগাছা গ্রামের মৃত রুকমান শেখের ছেলে বাবুল শেখ ইয়াবা নিয়ে ঘোষপুর ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে সন্দেহভাজন বাবুল শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় নিয়ে আসা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।
স্থানীয়রা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা মাদকের বিস্তার রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বোয়ালমারী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুল শেখকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।