প্রকাশিত : মঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬ , সন্ধ্যা ০৭:০৫।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৬ জুলাই ২০২৬ , সকাল ০৮:৫৬

বোয়ালমারীতে ৬ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে ফরিদপুরে পাঠানো হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের বাসিন্দা হাসমত আলী খানের ছেলে হাসিব খান গত ১০ জুলাই সকাল প্রায় ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শিশুটিকে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর ভয় ও লজ্জার কারণে শিশুটি পরিবারের কাউকে কিছু জানায়নি। তবে রাতে ঘুমানোর সময় বারবার চিৎকার করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে শিশুটি কান্নাজড়িত কণ্ঠে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়। এরপর তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়।

শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সোমবার রাতে তার বাবা বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হাসিব খানকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, আমার ছেলে রাতে ঘুমাতে গেলেই আতঙ্কে চিৎকার করছিল। পরে জানতে পারি হাসিব নামে এক ছেলে তার সঙ্গে এই জঘন্য ঘটনা ঘটিয়েছে। আমার ছেলের শারীরিক ও মানসিক অবস্থা খুবই খারাপ। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি চাই।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান আছে।