প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ , রাত ১২:৫৬।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬ , বিকাল ০৫:৫৬

বোয়ালমারীতে মাদকবিরোধী সমাবেশ, সমাজ পরিবর্তনে নানা উদ্যোগ নিয়ে পাশে ‘সমাজ পরিবর্তন ঐক্য সংগঠন’


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: মাদক, চুরি ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ফরিদপুরের বোয়ালমারীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার মাধ্যমে সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘গুণবহা সমাজ পরিবর্তন ঐক্য সংগঠন’।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে বোয়ালমারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গুণবহা চরপাড়া গ্রামের মতিনুর রহমান মিয়ার চাতাল এলাকায় সংগঠনটির উদ্যোগে এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, গুণবহা চরপাড়া এলাকায় চুরি, মাদকসহ নানা ধরনের সামাজিক অপরাধের কারণে তারা উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। দিনের বেলাতেও বাড়িঘরে চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা। এসব অপরাধ ও হয়রানি থেকে পরিত্রাণ পেতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, মাদক সমাজে অপরাধের অন্যতম প্রধান কারণ। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করব। মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি গুণবহা সমাজ পরিবর্তন ঐক্য সংগঠনটি স্থানীয় মানুষের বিভিন্ন সামাজিক ও মানবিক প্রয়োজনে সহায়তা দিয়ে আসছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

সংগঠনটির পক্ষ থেকে এ পর্যন্ত অসচ্ছল পরিবারের বিবাহে সহায়তা, ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা, রক্তজনিত জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা, প্রসূতি মায়ের ডেলিভারি সংক্রান্ত সহায়তাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে।

এছাড়া ঈদকে কেন্দ্র করে ঈদ পুনর্মিলনী, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, মসজিদসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতা এবং সমাজের অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো নানা উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

সংগঠনটির দাবি, প্রতিষ্ঠার পর থেকে এ ধরনের সামাজিক, মানবিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা ব্যয় করা হয়েছে। এলাকার মানুষের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক ও সামাজিক অপরাধ নির্মূল সম্ভব নয়। এজন্য পরিবার, তরুণ সমাজ, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

‘গুণবহা সমাজ পরিবর্তন ঐক্য সংগঠন’-এর সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম সম্রাট।

এসময় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মতিনুর রহমান মিয়া, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন ও কোষাধ্যক্ষ মো. খালিদ হাসান, কাউন্সসিলর পদপ্রার্থী আল আমিনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সমাবেশে মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে শান্তি, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।