স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারীতে একটি মুদি দোকানের তালা কেটে সিগারেট, ভোজ্যতেলসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। এতে দোকান মালিক ফিরোজ মোল্লা প্রায় ৮০ হাজার টাকার মালামাল খোয়া গেছে বলে দাবি করেছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সোমবার রাতে ব্যবসা শেষে দোকান বন্ধ করে বাড়ি যান ফিরোজ মোল্লা। মঙ্গলবার সকালে দোকানের ঝাঁপ অর্ধেক খোলা দেখতে পান পাশের দোকানি দাউদ ইসলাম মিয়া। পরে ফিরোজ মোল্লাকে খবর দেওয়া হলে তিনি এসে দোকানের ভেতরে প্রবেশ করে চুরির বিষয়টি দেখতে পান।
দোকানি দাউদ ইসলাম মিয়া বলেন, সকালে দোকানে এসে ঝাড়ু দেওয়ার সময় দেখি ফিরোজের দোকানের ঝাঁপ অর্ধেক খোলা। প্রথমে ভেবেছিলাম তিনি হয়তো দোকান খুলেছেন। পরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তাকে ফোনে জানাই।
দোকান মালিক ফিরোজ মোল্লা বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে ফোন পেয়ে এসে দেখি দোকান খোলা। ভেতরে ঢুকে দেখি দামি ব্র্যান্ডের সিগারেট, ভোজ্যতেল ও নারকেল তেলসহ বিভিন্ন মালামাল নেই। প্রায় ৬০ হাজার টাকার সিগারেট ও ২০ হাজার টাকার তেল চুরি হয়েছে।
তিনি আরও বলেন, আগে ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতাম। শারীরিক সমস্যার কারণে বাড়িতে এসে এই দোকান দিয়েছি। দোকানের চাল-ডালসহ অনেক মালামাল থাকলেও চোরেরা তুলনামূলক দামি ও সহজে বহন করা যায়—এমন মালামাল নিয়ে গেছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় যুবক ইব্রাহিম সরদার বলেন, বাজারে চুরি ঠেকাতে রাতে পাহারার ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি মাদকসেবন ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখেছে। এখনো ভুক্তভোগী দোকান মালিক লিখিত অভিযোগ করেননি। তবে ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।