• ঢাকা
  • মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ , সকাল ১১:০৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে কৃষকের গোয়ালঘরে আগুন, পুড়ে গরুর মৃত্যু

রিপোর্টার : শারমিন আক্তার
বোয়ালমারীতে কৃষকের গোয়ালঘরে আগুন, পুড়ে গরুর মৃত্যু প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক কৃষকের রান্নাঘর ও গোয়ালঘরে আগুন লেগে একটি গরু পুড়ে মারা গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর দিঘিরপাড় এলাকায় কৃষক তফসির শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গরুর গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য একটি মশার কয়েল জ্বালিয়ে ঘুমাতে যান কৃষক তফসির শেখ। কিছুক্ষণ পর তার নাকে পোড়া গন্ধ আসলে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখেন গোয়ালঘর ও পাশের রান্নাঘরে আগুন লেগে গেছে এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে।

এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গোয়ালঘরে বাঁধা একটি গরু আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। আগুনে কৃষকের গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।

কৃষক তফসির শেখ বলেন, হঠাৎ আগুন দেখে আমি দিশেহারা হয়ে পড়ি। প্রতিবেশীদের ডাক দিলে তারা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গোয়ালঘরে বাঁধা গরুটিকে আর বের করতে পারিনি। এতে আমার অনেক ক্ষতি হয়ে গেছে।

স্থানীয়রা জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার খবর পেয়ে এলাকার মানুষ দ্রুত ছুটে এসে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন