প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার : গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকাবাইচ। সেই চিরচেনা ঐতিহ্যকে ঘিরে ফরিদপুরের বোয়ালমারী ও মাগুরার মহম্মদপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য গ্রামীণ নৌকাবাইচ।
রোববার বিকেলে আয়োজিত এ নৌকাবাইচে প্রায় ২০টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড় ও সেতুর ওপর ভিড় করেন দুই জেলার কয়েক লাখ মানুষ। দর্শনার্থীদের উপস্থিতিতে নদীপাড়জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নৌকার ছন্দময় বৈঠার টান, প্রতিযোগীদের হইচই আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মধুমতি নদীর দুই তীর।
নৌকাবাইচকে কেন্দ্র করে নদীপাড়ের গ্রামগুলোতেও দেখা যায় উৎসবের আমেজ। প্রতিটি বাড়িতে বাড়িতে অতিথি আপ্যায়নের প্রস্তুতি নেওয়া হয়। তৈরি করা হয় নানা ধরনের মুখরোচক খাবার। দূর-দূরান্ত থেকে আত্মীয়স্বজন ও দর্শনার্থীদের আগমনে দুই উপজেলার মানুষের মধ্যে গড়ে ওঠে এক মিলনমেলা। মধুমতি নদীর নৌকাবাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মধুমতি নৌকাবাইচ মেলা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ মৈমুর আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, মাগুরার জেলা প্রশাসক মতুকাব্বীর আহম্মেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান খান ও অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেববতী মিস্ত্রী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ।