• ঢাকা
  • বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ , রাত ০১:৩০
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত অন্তত ১০

রিপোর্টার : শফিকুল ইসলাম নাগর
বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত অন্তত ১০ প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৪ এপ্রিল) উপজেলার সাতৈর ইউনিয়ন-এর কেরশাইল গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত চারজনকে ফরিদপুরে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

সরেজমিনে জানা যায়, একই গ্রামের সুজন শেখ ও সাদ্দাম শেখের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি থেকে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, এর জেরে সুজন শেখ তার সহযোগীদের নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় সাদ্দাম শেখ, তার স্ত্রী, পুত্রবধূ, মা-বাবা, বোন ও ভাতিজাসহ পরিবারের প্রায় ১০ জনকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে রক্তাক্ত জখম করা হয়।

ভুক্তভোগী সাদ্দাম শেখ অভিযোগ করে বলেন, আমার ভাতিজা জিহাদকে মারধরের ঘটনা জানতে চাইলে সুজন শেখ সৈকত, ইকলাস, শহিদুল, আবুল শেখ, বায়জিদসহ ২০-২৫ জন লোক নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমরা গুরুতর আহত হই। অনেককে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হয় এবং চারজনকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অভিযোগ করেও এখনো কার্যকর পদক্ষেপ পাইনি।

আহত জাবায়ের শেখ বলেন, কাজ শেষে বাড়িতে ফিরে হট্টগোল শুনে থামাতে গেলে আমার ওপর ছুরি দিয়ে বুকে ও পেটে আঘাত করা হয়। পরে লাঠিসোঁটা দিয়ে মারধর করে গুরুতর জখম করা হয়।

সাদ্দাম শেখের বাবা আজিজুল শেখ বলেন, আমার দোকানের সামনে এসে নারী-পুরুষ নির্বিশেষে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সৈকত শেখ বলেন, সাদ্দামদের পক্ষ থেকেই আগে হামলা চালানো হয়। পরে আমরা আত্মরক্ষার্থে পাল্টা মারধর করেছি। আমাদের পক্ষের লোকজনও আহত হয়েছে।

ইকলাস শেখ দাবি করেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। এদিকে সুজন শেখের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কামরুল শেখ জানান, ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। তার স্ত্রী দাবি করেন, “আমার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করা হচ্ছিল। সে বিষয়ে কথা বলতে গেলে উল্টো আমাদের ওপর হামলা হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন