প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব দেশের কৃষি খাতেও পড়তে শুরু করেছে। এই প্রেক্ষাপটে ফরিদপুরের বোয়ালমারীতে কৃষকদের জন্য আনা ডিজেল তেল বিতরণকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। ঘটনাকে ঘিরে স্থানীয় পর্যায়ে দেখা দিয়েছে অভিযোগ ও পাল্টা অভিযোগ।অ
উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্যা ও সাবেক সংসদ সদস্য খন্দোকার নাসিরুল ইসলাম নাসির-এর সহযোগিতায় মেঘনা ডিপো থেকে কৃষি কাজের জন্য ডিজেল সংগ্রহ করা হয়। সোমবার (৬ এপ্রিল) রাতে ওই তেল বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভায় সরকারি ব্যবস্থাপনায় বিতরণের উদ্দেশ্যে আনা হয়। প্রতিটি ইউনিয়নের জন্য প্রায় ২ হাজার লিটার করে ডিজেল বরাদ্দ রাখা হয়েছে, যা কার্ডধারী প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণের কথা রয়েছে।
তবে বিতরণের আগেই সাতৈর ইউনিয়নে এ তেল নামানোকে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি হয়। সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু অভিযোগ করেন, উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সকল ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে তেল সমানভাবে বণ্টনের সিদ্ধান্ত হয়। কিন্তু পরে জামায়াত নেতা মাও. শফিকুল ইসলাম তেলের গাড়ি নির্ধারিত স্থান পরিবর্তন করে নিজের পছন্দের দোকান ও বাড়ির সামনে নামিয়ে রাখেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে প্রশাসনের সহায়তায় তেল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে। একটি মহল তেল আত্মসাৎ করার চেষ্টা করেছিল, যা দুঃখজনক।
অন্যদিকে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ মাও. সাজ্জাদ হোসেন জানান, তাদের পক্ষ থেকে পূর্বে দলীয়ভাবে তালিকা তৈরি করে তেল বিতরণের একটি পরিকল্পনা ছিল। তবে যোগাযোগ সমস্যার কারণে শফিকুল ইসলাম নির্ধারিত কিছু দোকানে তেল নামিয়ে দেন।
তিনি বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে তেল ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে। বিষয়টি অযথা বড় করে আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, যা কাম্য নয়।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, উপসচিবের অনুমোদনের মাধ্যমে মেঘনা ডিপো থেকে কৃষকদের জন্য ডিজেল আনা হয়েছে এবং এটি শুধুমাত্র প্রকৃত কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ।
তিনি জানান, একটি ভুল বোঝাবুঝির কারণে সোমবার রাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তেল সাতৈর ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টা থেকে কার্ডধারী কৃষকদের মাঝে তেল বিতরণ শুরু হবে।
কৃষকদের স্বার্থে আনা গুরুত্বপূর্ণ জ্বালানি তেল বিতরণকে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমেই এ ধরনের উদ্যোগের সফলতা নিশ্চিত করা সম্ভব।