প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার: পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ কর্মসূচির র্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রকিবুল হাসান। র্যালিটি স্টেশন রোড হয়ে নিউ মার্কেট এলাকায় পৌঁছানোর পথে সিয়াম স্মার্ট ফোন গ্যালারির সামনে সড়কের ওপর ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে তিনি র্যালি থামিয়ে দেন।
পরে সংশ্লিষ্ট দোকানদারকে ডেকে সড়কে ময়লা না ফেলার বিষয়ে সতর্ক করেন। এ সময় তিনি বলেন, জনসমাগমের স্থানে বা সড়কের ওপর ময়লা ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সবাইকে সচেতন হতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে, এরপর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সেখান থেকে তা সংগ্রহ করবেন।
ইউএনওর এই তাৎক্ষণিক পদক্ষেপে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বোয়ালমারী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।