প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তদের পেট্রোলসদৃশ দাহ্য পদার্থভর্তি প্লাস্টিকের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ভবনের বারান্দায় আগুন ধরে যায়। তবে নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংক ভবন। রোববার (২২ নভেম্বর) শেষরাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে কাদিরদী বাজারসংলগ্ন ব্রিজে কাছে অবস্থিত গ্রামীণ ব্যাংকের সাতৈর-কাদিরদী শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংকের অফিস সহকারী মঈনুদ্দিন বলেন, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা দূর থেকে বোতলভর্তি পেট্রোল ছুড়ে মারে। বোতলটি ভবনের বারান্দার ছাদে পড়লে আগুন ধরে যায়। পরে নৈশপ্রহরী দ্রুত এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নৈশপ্রহরী মো. হাফিজুর বলেন, গভীর রাতে টয়লেট থেকে ফিরে কক্ষে যাওয়ার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান। বাইরে বের হয়ে বারান্দার ছাদে আগুন জ্বলতে দেখেন। পরে দ্রুত ওপরে উঠে আগুন নেভান। তাঁর দাবি, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শাখা ব্যবস্থাপক শামসুল ইসলাম বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা বোতলভর্তি পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। নৈশপ্রহরীর দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বর্তমানে তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
জয়নগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে। বোতলটিতে পেট্রোলসদৃশ পদার্থ ছিল।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক শাখার ব্যবস্থাপক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।