প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বাইতুল মা'আরিফ আল ইসলামিয়া মাদরাসার চার শিক্ষার্থীর পবিত্র কোরআন হিফজ সম্পন্ন উপলক্ষে পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে পৌরশহরের চৌরাস্তা এলাকায় অবস্থিত মাদরাসা দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করা চার ক্ষুদে শিক্ষার্থী নবাগত হাফেজ মুহাম্মাদুল্লাহ, মো. মিনাল শেখ, আল আমিন ও মো. হাবিবুল্লাহকে মাদরাসার পক্ষ থেকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। তাদের এ অর্জনে শিক্ষক, অভিভাবক ও উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে মাদরাসার প্রধান শিক্ষক মুফতি আব্দুল্লাহ ফরিদপুরী বলেন, ‘শ্রেষ্ঠ মানুষ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে বাইতুল মা'আরিফ আল ইসলামিয়া মাদরাসা। আরবি, বাংলা ও ইংরেজি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমাদের মাদরাসা থেকে অল্প বয়সে চারজন শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে পাগড়ি গ্রহণ করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।’
তিনি আরও বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, প্রতিটি শিক্ষার্থী যেন কোরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন পরিচালনা করতে পারে, সে জন্য তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্ব দেওয়া হয়। সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ওয়াজ মাহফিলে ধর্মীয় আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। শেষে হিফজ সম্পন্ন করা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।