প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: পড়াশোনার পথকে আরও সহজ করতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো পিংক রঙের বাইসাইকেল। একই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে উদ্বোধন করা হয়েছে উপজেলা পরিষদ লাইব্রেরি ‘অ্যাথেনিয়াম’। ব্যতিক্রমী এ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও শিক্ষার্থীদের মাঝে পিংক বাইসাইকেল বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। পরে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত উপজেলা পরিষদ লাইব্রেরি ‘অ্যাথেনিয়াম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘নজরুল বর্ষে’ লাইব্রেরিটি উদ্বোধন করা হয়েছে। এ পাঠাগারে ছোট-বড় সবাই জ্ঞানচর্চা ও মেধা বিকাশের সুযোগ পাবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের চলাচল সহজ করতে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পিংক রঙের বাইসাইকেল বিতরণ করা হচ্ছে।
পিংক বাইসাইকেল হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। আয়োজকদের আশা, এসব উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত ও পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি জ্ঞানচর্চার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।