প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ‘জমি চাষের ডক্টর, সোনালিকা ট্রাক্টর’—এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হয়েছে সোনালিকা ট্রাক্টর-২০২৬-এর বার্ষিক ফ্রি সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভা। গ্রাহকদের সেবা প্রদান, তাঁদের সঙ্গে সুসম্পর্ক জোরদার এবং কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির পরিচিতি তুলে ধরতে দিনব্যাপী এ আয়োজন করে এসিআই মোটরস।
রোববার (১১ অক্টোবর) উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর রেলস্টেশন-সংলগ্ন ফুটবল মাঠে এ আয়োজন করা হয়। ক্যাম্পে সোনালিকা ট্রাক্টরের পুরোনো গ্রাহকদের বিনা মূল্যে সার্ভিসিং সেবা দেওয়া হয়। পাশাপাশি এসিআই মোটরসের বিভিন্ন পণ্য ও যন্ত্রাংশ, সোনালিকা ট্রাক্টর, মোটরসাইকেলের টায়ার, পানির পাম্পসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।
কৃষিযন্ত্রের সেবার পাশাপাশি গ্রাহকদের স্বাস্থ্যসেবার বিষয়টিও গুরুত্ব পায় এ আয়োজনে। ট্রাক্টরের মালিক ও চালকদের জন্য আয়োজন করা হয় মেডিকেল ক্যাম্প, যেখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ছিল। এ ছাড়া শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচন, বিভিন্ন খেলাধুলা ও অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের দক্ষিণ অঞ্চলের এএসএম প্রশান্ত চক্রবর্তী। এসিআই মোটরসের ফরিদপুর রিজিয়নের ডেপুটি সেলস ম্যানেজার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেপুটি এরিয়া ম্যানেজার সুদাম সাহা।
এ সময় উপস্থিত ছিলেন এসিআই মোটরসের সার্ভিস বিভাগের ডিজিএম রেদোয়ানুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মো. সিফাত মঞ্জুর খান। তার সহযোগীদের নিয়ে গ্রাহকদের সার্ভিসিং সেবা নিশ্চিত করেন। এ ছাড়া প্রতিষ্ঠানের গ্রাহক ও এজেন্ট, সোনালিকা ট্রাক্টরের মালিক-চালকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গ্রাহকদের সেবা সহজ করতে অনুষ্ঠানে স্থাপন করা হয় রেজিস্ট্রেশন, বিক্রয়সংক্রান্ত অনুসন্ধান ও এক্সচেঞ্জ বুথ। এসব বুথের মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন পণ্য, বিক্রয় ও বিনিময় সুবিধা এবং সার্ভিসিং-সংক্রান্ত তথ্য জানার সুযোগ পান।
আয়োজকদের মতে, এ ধরনের ফ্রি সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভা গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর পাশাপাশি কৃষিযন্ত্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখে।