• ঢাকা
  • সোমবার , ২৭ জুলাই ২০২৬ , দুপুর ০২:২৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

পারিবারিক দ্বন্দ্বে দুই মাসের নিষ্পাপ শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

রিপোর্টার : শারমিন আক্তার
পারিবারিক দ্বন্দ্বে দুই মাসের নিষ্পাপ শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: পৃথিবীতে আসার মাত্র দুই মাস। ঠিকমতো চোখ মেলেই পৃথিবীটাকে দেখার আগেই নির্মম নির্যাতনের শিকার হতে হলো এক নিষ্পাপ শিশুকে। নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার পাইকারদি গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই মাস বয়সী এক শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। হৃদয়বিদারক এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, জন্মের পর থেকেই শিশুটি প্রায়ই অস্বাভাবিকভাবে কান্না করত। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন শিশুটির মা সায়েবা বেগম। তার সন্দেহ হয়, পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে কেউ শিশুটির ওপর নির্যাতন চালাচ্ছে। সত্যতা জানতে তিনি গোপনে ঘরের ভেতরে একটি মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করে বাথরুমে যান।

পরিবারের দাবি, ভিডিওতে দেখা যায়, শিশুটির চাচি ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিশুটির একটি পা জোরে মুচড়ে দেন। ব্যথায় শিশুটি সঙ্গে সঙ্গে চিৎকার করে কেঁদে ওঠে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটির একটি পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে শিশুটির পায়ে প্লাস্টার করা হয়েছে এবং চিকিৎসা চলছে।

পরিবারের সদস্যরা বলেন, একটি অবুঝ শিশুর ওপর এমন নিষ্ঠুর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও তারা জানান।

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনাটিকে অমানবিক ও নৃশংস আখ্যা দিয়ে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত চাচির বক্তব্য জানা সম্ভব হয়নি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ভিডিওসহ সব বিষয় তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন