প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ৯টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যে তা স্থগিত করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার পরপরই তা স্থগিত করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাত এগারোটায় উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে বিভিন্ন নেতাকে আহ্বায়ক এবং প্রায় ৩১ জনকে সদস্য করে কমিটি ঘোষণা করা হয়। তবে বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ৩০ মিনিট পরই সবগুলো কমিটি স্থগিত করা হয়।
কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ ঘোষিত কমিটির তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানান।
তবে উপজেলা বিএনপির নেতারা বলছেন, কমিটি ঘোষণায় নামের ক্ষেত্রে ভুল হয়েছিল। এটি আহ্বায়ক কমিটি নয়, বরং ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি কমিটি হিসেবে গঠনের কথা ছিল।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিন বলেন, এটি প্রাথমিক পর্যায়ের একটি অনাকাঙ্ক্ষিত ভুল। আসলে এটি ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি কমিটি হবে। ভুলক্রমে আহ্বায়ক কমিটি লেখা হয়েছে। আমাদের ইউনিয়ন বিএনপির সম্মেলন ইতোমধ্যে শেষ হয়েছে। এখন ওয়ার্ড পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। এরপর নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জায় সাহা বলেন, আহ্বায়ক কমিটির বিজ্ঞপ্তির বিষয়টি অনিবার্য কারণে ভুল হয়েছে। এটি আসলে সম্মেলন প্রস্তুতি কমিটি। এ কমিটির দায়িত্ব হবে এক মাসের মধ্যে ওয়ার্ড পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা। এরপর তাদের ভোটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হবে। যে নির্বাচিত হবেন, তিনিই দায়িত্ব পালন করবেন। এখানে কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ নেই।
এদিকে, কমিটি ঘোষণা ও অল্প সময়ের ব্যবধানে তা স্থগিতের ঘটনায় বোয়ালমারীর বিএনপির নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা চলছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে পক্ষে-বিপক্ষে নানা মতামত।